ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই নির্মূলে পুলিশের তৎপরতা আরও বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। শনিবার বিকেলে বছিলা পুলিশ লাইন্সে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না।
সভায় ডিএমপি প্রধান উল্লেখ করেন, অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকলেও কেবল বাহিনীর একার পক্ষে এটি নির্মূল করা সম্ভব নয়। জননিরাপত্তা নিশ্চিতে তিনি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশ, এসআরবি-২ এর অধিনায়ক নয়মুল হাসান এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পুলিশের কাছে মাদক ও কিশোর গ্যাংয়ের তালিকা রয়েছে জানিয়ে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, সেই তালিকা অনুযায়ী প্রতিটি স্পটে অভিযান আরও জোরালো করা হবে। এছাড়া তিনি রিকশা ও অটোরিকশা গ্যারেজগুলোতে নিয়মিত তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের গ্রেপ্তারের নির্দেশ দেন। বিট পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনার মাধ্যমে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক নির্মূলে কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। অপরাধ দমনে নাগরিকদের সহযোগিতা চেয়ে তিনি এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধের আহ্বান জানান।



0 মন্তব্যসমূহ