কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রিসোর্ট থেকে পুলিশ পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে জিয়াবুল হক (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে শহরের সীগাল হোটেল, সাম্পান ও কক্স টুডেসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই প্রতারণার ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত জিয়াবুল হক পুলিশ বক্স স্থাপন করার কথা বলে বিভিন্ন হোটেল থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। এই ঘটনায় গত ৫ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তদন্তের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত জিয়াবুল হক চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার তেলিয়াপাড়া এলাকার আকতার কামালের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করেন এবং সেখানে 'আবরার এন্টারপ্রাইজ' নামে একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের ব্যবসা পরিচালনা করেন।
অভিযানকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজারে পুলিশ পরিচয়ে বিভিন্ন হোটেল থেকে টাকা আত্মসাতের অভিযোগে জিয়াবুল হক নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে চেক বই ও মোবাইল জব্দ করেছে সদর মডেল থানা পুলিশ।



0 মন্তব্যসমূহ