মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন ফ্রান্সের বামপন্থী রাজনীতিক জ্যঁ-লুক মেলেনশঁ। তার মতে, নেতানিয়াহুর বিভিন্ন পদক্ষেপের ফলে এই অঞ্চলে এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মেলেনশঁ উল্লেখ করেন, ইরানের মিত্র হিসেবে পরিচিত হুতিদের সাফল্য এবং সুয়েজ খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যকে বদলে দিচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এর ফলে বিশ্বজুড়ে সরবরাহব্যবস্থায় যে বিঘ্ন ঘটছে, তার চরম মূল্য দিতে হবে ইউরোপীয় দেশগুলোকে। মেলেনশঁ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের ওপর ইউরোপের অতিরিক্ত নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, নেতানিয়াহুর নীতির প্রতি ইউরোপের নিঃশর্ত সমর্থন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি নতিস্বীকারের কারণেই আজকের এই সংকট। উল্লেখ্য, আগামী বছরের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন মেলেনশঁ। তিনি নির্বাচিত হলে ফ্রান্সকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন। ইসরাইল ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রনীতির কট্টর সমালোচক হিসেবে পরিচিত এই রাজনীতিক মনে করেন, নেতানিয়াহু তার নিজের দেশ এবং মিত্রদের জন্য এক দীর্ঘমেয়াদী বিপর্যয়ের পথ তৈরি করেছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেছেন ফরাসি রাজনীতিক জ্যঁ-লুক মেলেনশঁ। তিনি বলেন, ইউরোপের ভুল নীতি ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতার কারণে সরবরাহব্যবস্থায় বিপর্যয় নেমে আসছে।



0 মন্তব্যসমূহ