রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১২ এর আলোব্দি ঝিলপার বস্তি সংলগ্ন পাকা সড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় প্রায় ১০০ জন ব্যক্তি ঝটিকা মিছিল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পল্লবী থানার মোবাইল পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেতরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে ১৩ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—রাসেল (৩০), সবুজ (২৪), আল-আমিন (২৯), মুসা (১৮), রিজু হোসেন (২৫), আলিফ হোসেন (২৭), জীবন (২০), রাহাত (১৯), রনক তালুকদার (১৯), রাসেল (২১), ইমন (১৮), দিপু দাস (১৯) ও তামিম মোল্লা (২২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিলের জন্য জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং ১৩ জনকে আটক করে। পরবর্তীতে তাদের পল্লবী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর পল্লবীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সেকশন-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।



0 মন্তব্যসমূহ