সাবেক আইজিপি বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে, তা দ্রুত জাতীয় সংসদকে জানাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। একইসঙ্গে বেনজীর কীভাবে দুবাইয়ে জামিন পেলেন, সে বিষয়েও সংসদকে অবহিত করতে বলেছেন তিনি। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের ১৪৭ বিধিতে দেওয়া একটি সাধারণ প্রস্তাবের ওপর দীর্ঘ আলোচনা শেষে স্পিকার এই নির্দেশনা দেন। আলোচনা শেষে প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার তার বক্তব্যে উল্লেখ করেন, বহু অপরাধে অভিযুক্ত সাবেক আইজিপি বেনজীর আহমেদ কীভাবে দুবাইয়ে জামিন পেলেন, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শিগগিরই সংসদকে জানাবেন। এছাড়া এই অভিযুক্তকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে গৃহীত পদক্ষেপগুলো সম্পর্কে সংশ্লিষ্ট সংসদ সদস্যসহ পুরো সংসদকে যথাসময়ে অবহিত করার তাগিদ দেন তিনি। অধিবেশনে প্রস্তাবটির ওপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও তাদের বক্তব্য প্রদান করেন।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার পদক্ষেপ এবং দুবাইয়ে তার জামিন পাওয়ার বিষয়ে সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।



0 মন্তব্যসমূহ