কুমিল্লার তিতাস উপজেলায় বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার একলারামপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালিগালাজ করছিলেন। এসময় তার জেঠা স্বাধীন ভূঁইয়া বিষয়টি জানতে চাইলে একই গ্রামের হারুন, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার, মজিব, সোলাইমান ও আশোক আলীসহ বেশ কয়েকজন তার ওপর অতর্কিত হামলা চালান। রাকিবের দাবি, হামলাকারীরা স্বাধীন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তার বাবা ইউসুফ ভূঁইয়া তাকে রক্ষা করতে এগিয়ে যান। এসময় হামলাকারীরা হকি স্টিক ও দেশীয় অস্ত্র দিয়ে ইউসুফ ভূঁইয়াকেও গুরুতর আঘাত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই হামলায় স্বাধীন ভূঁইয়াও রক্তাক্ত ও গুরুতর আহত হয়েছেন।
এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ঘটনার তদন্ত চলছে এবং অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কুমিল্লার তিতাসে সীমানা বিরোধের জেরে ইউসুফ ভূঁইয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ভাইকে বাঁচাতে গিয়ে তিনি হামলার শিকার হন। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।



0 মন্তব্যসমূহ