পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার এবারের দুর্গাপূজায় ঐতিহ্যবাহী রেড রোডের ‘পূজা কার্নিভাল’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বিকেলে কলকাতার মিলন মেলা ময়দানে বিভিন্ন পূজা কমিটির কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘোষণা দেন। তিনি জানান, ২০১৬ সাল থেকে চলে আসা এই কার্নিভালের পরিবর্তে মহালয়ার দিন ইডেন গার্ডেন স্টেডিয়ামে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। চার ঘণ্টার এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত থাকবেন এবং এতে আতশবাজি ও লেজার শো-র পাশাপাশি রাজ্যজুড়ে রোড শো অনুষ্ঠিত হবে।
পূজা আয়োজনে সরকারি আর্থিক অনুদানের ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। যেসব পূজা কমিটির বাজেট ১০ লাখ রুপির বেশি, তারা এবার কোনো অনুদান পাবে না। তবে ১০ লাখ রুপির কম বাজেটের কমিটিগুলো এক লাখ রুপি করে অনুদান পাবে, যা গত বছরের তুলনায় ১০ হাজার রুপি কম। অনুদান পেতে ইচ্ছুক কমিটিগুলোকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আবেদন করতে হবে।
বৈঠকে জানানো হয়েছে, দেবীপক্ষ শুরু হওয়ার আগে কোনো পূজার উদ্বোধন করা যাবে না। রাস্তা বন্ধ করে পূজা আয়োজন করা যাবে না এবং বিসর্জন বা পূজার সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এছাড়া প্রতিমা, প্যান্ডেল বা থিমের মাধ্যমে যাতে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে, সেদিকে সতর্ক থাকতে বলা হয়েছে। জনস্বার্থ রক্ষায় অষ্টমীর দিন থেকে রাজ্যের সব মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পশ্চিমবঙ্গে রেড রোডের পূজা কার্নিভাল বাতিল করে নতুন নির্দেশনা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইডেনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ডিজে ও মদ্যপানে থাকছে কঠোর নিষেধাজ্ঞা।



0 মন্তব্যসমূহ