সিলেটের ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা মেধাবৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির মোট ৭৯ জন শিক্ষার্থী এবার বৃত্তি পেয়েছে, যার মধ্যে ২৫ জন অর্জন করেছে ট্যালেন্টপুল বৃত্তি। ফলাফলের ভিত্তিতে স্কুলটি সিলেটে প্রথম এবং জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে। এই সাফল্য উপলক্ষে রোববার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সেখানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পংকজ কুমার দাস এই অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এই গৌরবময় ফল সম্ভব হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তারা আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মো. নিয়ামত উল্লাহ, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শমশের আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মুহাম্মদ জাফর আহমেদ। এছাড়া বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. খলিলুর রহমান, মো. আব্দুল আলীম, মো. আবুল কাসেম ও মো. মোশাররফ হোসেনসহ আরও অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট মহানগর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাজিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতির গুরুত্ব এবং শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতা চর্চার ওপর জোর দেন। এই সাফল্য ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এই ধারাবাহিকতা ভবিষ্যতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে।
সিলেটের ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের ৭৯ শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। জাতীয় পর্যায়ে তৃতীয় ও সিলেটে প্রথম স্থান অর্জনকারী এই কৃতী শিক্ষার্থীদের হাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়েছে।



0 মন্তব্যসমূহ