কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে, একজনকে জুয়া প্রতিরোধ আইনে, চারজনকে মাদক সেবনের অভিযোগে, একজনকে ধর্তব্য অপরাধে এবং একজনকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে আটক ব্যক্তিরা হলেন কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার আবদুল মোনাফ সিকদার ওরফে গুজা মুনাফ, ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার সৈয়দ হোসেন রানা এবং ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউসপাড়ার আবদুল শুক্কুর। জুয়া প্রতিরোধ আইনে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকার মো. রিফাতুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের অভিযোগে আটক চারজন হলেন মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা এলাকার জিসান, টেকনাফের হ্নীলার তাওহিদুল মোস্তাকিম নাঈম, সদর উপজেলার খুরুশকুলের মাঝিরপাড়ার বোরহান এবং টেকনাফের হোয়াইক্যংয়ের মো. ফারুক। এছাড়া ধর্তব্য অপরাধে মহেশখালীর গোরকঘাটার ইকবাল হোসেন ফয়সাল এবং ধর্ষণ মামলায় সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযান চলছে এবং পরিস্থিতি বিবেচনায় তা আরও জোরদার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস, মাদক ও ধর্ষণ মামলার আসামিসহ গত ২৪ ঘণ্টায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।



0 মন্তব্যসমূহ