মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, রংপুর ব্যুরোঃ
নীলফামারীর ডিমলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোস্তাকিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে ৫১ বিজিবির অধীন থানারহাট বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে টহল দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ৭৯০ থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নীলফামারীর ডিমলা থানার বালাপাড়া-তেলিয়াপাড়া মোড় এলাকায় অভিযান চালায়।
বিজিবি জানায়, ওই এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মোস্তাকিমকে আটক করা হয়। এ সময় অন্য দুজন পালিয়ে যায়।
আটক মোস্তাকিম ডিমলা উপজেলার শোভনগঞ্জ ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের মো. সবুর উদ্দিনের ছেলে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি স্মার্টফোন, দুটি সিমকার্ড, একটি মোটরসাইকেল, একটি স্কুলব্যাগ এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫২ হাজার টাকা জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের মোট সিজার মূল্য ৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোস্তাকিম মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুই সহযোগী হিসেবে মো. মোকলেস হোসেন ও মো. জহির উদ্দিন (জুয়েল)-এর নাম জানা গেছে।
আটক মোস্তাকিমকে জব্দ করা আলামতসহ ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে পলাতক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।


0 মন্তব্যসমূহ