নরসিংদীর শিবপুর উপজেলায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ডুবুরি দল অভিযান চালিয়ে নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে এই ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন গাজীপুরের কালীগঞ্জের ওবায়দুল্লাহ (৩৮), শিবপুরের সৌরভ এবং কাপাসিয়ার শান্তা (১৬)। অন্যদিকে টাঙ্গাইলের শান্ত (২৪) নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শিবপুরের দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসলে নামেন তারা। একপর্যায়ে তিনজন পানিতে তলিয়ে গেলে তাদের বাঁচাতে গিয়ে সৌরভও নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করলেও শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কারও সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল তীব্র স্রোতের মধ্যে অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। শিবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ইসলাম খান জানান, কয়েক ঘণ্টার চেষ্টায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বাকি একজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনুর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ একজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। শুক্রবার বিকেলে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে নদীতে নেমে এই দুর্ঘটনার শিকার হন তারা। নিখোঁজ অপরজনকে উদ্ধারে অভিযান চলছে।



0 মন্তব্যসমূহ