সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে দীর্ঘ বছর ধরে সংস্কারহীন পড়ে থাকা রাস্তায় ধান রোপণ করে অভিনব প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। রবিবার সকালে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কৈখালী এলাকায় স্থানীয় যুব সমাজ ও সাধারণ মানুষ একত্রিত হয়ে এই কর্মসূচি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব কৈখালী গ্রামের মরহুম আলহাজ্ব আদম গাজীর কেয়ারের রাস্তা হিসেবে পরিচিত এই পথটি দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে বর্ষা মৌসুমে রাস্তায় পানি ও কাদা জমে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে সাধারণ পথচারীসহ কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারে না। বারবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী কাদাভর্তি রাস্তায় ধান গাছ লাগিয়ে প্রতিবাদ জানান।
ভুক্তভোগী এলাকাবাসী মোঃ এবাদুল ইসলাম জানান, উপকূলীয় এই এলাকার একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ বছর ধরে উন্নয়নের ছোঁয়া পায়নি। বর্ষায় হাঁটু সমান কাদা হওয়ায় শিক্ষার্থী ও চাকরিজীবীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি রোগীদের হাসপাতালে নেওয়ার কোনো উপায় থাকে না। বিকল্প হিসেবে দীর্ঘ সময় নিয়ে ঝুঁকিপূর্ণ নদী পথে ট্রলারে করে রোগী পারাপার করতে হয়।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রতিবাদের বিষয়টি জেনেছেন এবং দ্রুতই রাস্তাটি কার্পেটিং করা হবে বলে আশ্বাস দেন। কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, তিনি নির্বাচিত হওয়ার পর রাস্তাটি কার্পেটিংয়ের অনুমোদন করালেও একটি পক্ষ তা অন্য স্থানে সরিয়ে নেয়। তবে বর্তমানে এটি সীমান্ত সড়ক হিসেবে কার্পেটিংয়ের জন্য পুনরায় অনুমোদন পেয়েছে এবং দ্রুতই কাজ শুরু হবে।
সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় বেহাল রাস্তায় ধান রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। বর্ষায় চলাচলের অনুপযোগী এই রাস্তাটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



0 মন্তব্যসমূহ