সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি বলেছেন, দেশকে পরনির্ভরশীলতা থেকে মুক্ত করে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি সরকার কাজ করছে। শুক্রবার (১৪ আগস্ট) বেলা ১১টায় নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক সংকট ও দুর্নীতির আবর্জনা পরিষ্কার করে একটি বিধ্বস্ত রাষ্ট্র পুনর্গঠন করতে হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। তবে বিগত সরকারের মেগা প্রকল্পগুলোতে হওয়া সীমাহীন দুর্নীতির কারণে অনেক কাজ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু। এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুলসহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
নাটোরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, বিগত সরকারের দুর্নীতির আবর্জনা পরিষ্কার করে বৈষম্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কাজ করছে বিএনপি সরকার।



0 মন্তব্যসমূহ