বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম ওরফে কালাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬। রোববার ভোরে উপজেলার বরইখালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-৬-এর মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরইখালী গ্রামে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। অভিযানে জাহিদুলকে আটকের পর সাক্ষীদের উপস্থিতিতে নিয়ম অনুযায়ী তার কাছ থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী রাজপাড়া এলাকার রতন হাওলাদারের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার জাহিদুলের বিরুদ্ধে এর আগেও কক্সবাজারের টেকনাফ এবং ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় মাদক সংক্রান্ত তিনটি মামলা রয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জে অভিযান চালিয়ে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ জাহিদুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে।



0 মন্তব্যসমূহ