ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা জানিয়েছেন যে, বর্তমান সরকার নদী ভাঙন প্রতিরোধে অত্যন্ত আন্তরিকভাবে কাজ করছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকরপুর এলাকায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য ট্রলারযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, এই অঞ্চলের নদী ভাঙন সমস্যা নিয়ে তিনি পানিসম্পদ মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। মন্ত্রী নিজেও ভাঙনকবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্টের বিষয়ে সচেতন এবং সমস্যা সমাধানে আন্তরিক।
ড. ইলিয়াস মোল্লা আরও জানান, বর্তমানে শিকরপুর এলাকায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী সমাধানের জন্য স্থায়ী বাঁধ নির্মাণের প্রক্রিয়া জোরদার করা হচ্ছে।
পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন, নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রিদওয়ানুন্নবী, সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং উপজেলা শিবিরের সভাপতি মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা। তিনি জানান, ভাঙন রোধে সরকার আন্তরিক এবং স্থায়ী বাঁধ নির্মাণের চেষ্টা চলছে।



0 মন্তব্যসমূহ