কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে প্রথম শ্রেণির শিক্ষার্থী তোবা। স্কুল থেকে দেওয়া একটি লেবু গাছের চারা রোপণ করে এক বছর পর তাতে ফল আসায়, একটি লেবু স্কুলের চেয়ারম্যানকে উপহার দেয় সে। এই ঘটনায় অভিভূত হয়ে স্কুল কর্তৃপক্ষ তোবার পরবর্তী পাঁচ বছরের বেতন মওকুফ করার ঘোষণা দিয়েছে।
শনিবার বিদ্যালয়ের এক অভিভাবক সমাবেশে এই ঘোষণা দেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাংবাদিক মোবারক হোসেন। তিনি জানান, ২০০৪ সাল থেকে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছেন এবং শিশুদের এই কাজে অনুপ্রাণিত করতেই তোবার বেতন মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তোবা যতদিন এই স্কুলে পড়বে, ততদিন এই সুবিধা পাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু। তিনি শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা ও পরিবেশ সচেতনতার প্রশংসা করে বলেন, শিশুদের সঠিক পরিচর্যার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে চার শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অধ্যক্ষ কাউসার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষানুরাগী জামাল খান, আক্তার হোসেন, মুমিন খান এবং সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় সাবিকুন নাহার রিক্তা ও তাফহিম রহমান আরমান। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি কাজী মনোয়ার হোসেন।
স্কুল থেকে পাওয়া লেবু গাছের যত্ন নিয়ে তাতে ফল ধরিয়েছে প্রথম শ্রেণির শিক্ষার্থী তোবা। সেই লেবু উপহার পেয়ে তার পাঁচ বছরের স্কুল বেতন মওকুফ করেছেন কর্তৃপক্ষ। কুমিল্লার বুড়িচংয়ের এই ঘটনাটি বৃক্ষরোপণে শিশুদের উৎসাহিত করার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।



0 মন্তব্যসমূহ