বগুড়ার মহাস্থান এলাকায় সার্কাসে অমানবিক পরিবেশে থাকা ‘বাদশা বাহাদুর’ নামের একটি হাতিকে উদ্ধার করে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় হাতিটির সুরক্ষা নিশ্চিত করতে শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে সেটিকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়।
দীর্ঘদিন ধরে পর্যাপ্ত খাবার, প্রয়োজনীয় চিকিৎসা ও সঠিক পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে ঘটনাটি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রতিমন্ত্রীর উদ্যোগে হাতিটির মালিক আব্দুর শুকুরের সাথে যোগাযোগ করা হলে তিনি স্বেচ্ছায় প্রাণীটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মত হন। গতকাল রাত সাড়ে ৮টার দিকে মহাস্থান বন্দরে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা জানিয়ে মালিক হাতিটি হস্তান্তর করেছেন। এখন জাতীয় চিড়িয়াখানায় এটির উন্নত চিকিৎসা ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মতলবুর রহমান জানান, হাতিটি অসুস্থ থাকায় প্রথমে সেটিকে সাফারি পার্কে রাখার পরিকল্পনা করা হয়েছিল। তবে সরকারের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
বগুড়ার মহাস্থান থেকে উদ্ধার করা হয়েছে অসুস্থ হাতি বাদশা বাহাদুর। প্রধানমন্ত্রীর নির্দেশে অমানবিক পরিবেশ থেকে সরিয়ে উন্নত চিকিৎসার জন্য সেটিকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।


0 মন্তব্যসমূহ