মন্দিরে মন্দিরে প্রদীপ প্রজ্বালন এবং দৃষ্টিনন্দন আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি। এই উপলক্ষে গত রবিবার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরগুলো সেজে ওঠে বর্ণিল সাজে। গভীর রাতে পূজা সম্পন্ন হওয়ার পর ভক্তদের মাঝে পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রসাদ বিতরণ করা হয়। হিন্দু পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই শ্যামা পূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়ে থাকে। কালীপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকজন সন্ধ্যায় নিজ নিজ বাসভবন এবং শ্মশানে প্রদীপ জ্বালিয়ে প্রয়াত পিতা-মাতা ও স্বজনদের স্মরণ করেন। প্রদীপের আলোয় অন্ধকার দূর করার এই আচারই মূলত দীপাবলি নামে পরিচিত। হিন্দু পুরাণ অনুসারে দেবী কালী হলেন দেবী দুর্গারই একটি শক্তির রূপ। সংস্কৃত শব্দ কাল থেকে কালী নামের উদ্ভব হয়েছে এবং এই পূজা মূলত শক্তির আরাধনা হিসেবে পালিত হয়। জগতের সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভশক্তির বিজয়ের প্রার্থনা করা হয় এই উৎসবে। ভক্তদের কাছে দেবী কালী শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী ও দেবী মহামায়া সহ নানা নামে পরিচিত। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে কেন্দ্রীয় শ্যামা পূজা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। সেখানে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে সহস্র প্রদীপ প্রজ্বালন করা হয়। এছাড়া রমনা কালী মন্দির, আজিমপুর সরকারি আবাসন মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সবুজবাগ শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির, পুরান ঢাকার রাধাগোবিন্দ জিঁও ঠাকুর মন্দির, পোস্তগোলা মহাশ্মশান এবং তাঁতীবাজার, শাঁখারীবাজার ও বাংলাবাজার এলাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্যামা পূজা সম্পন্ন হয়েছে।
রাজধানীর মন্দির ও মণ্ডপগুলোতে প্রদীপ প্রজ্বালন এবং আলোকসজ্জার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলি।



0 মন্তব্যসমূহ