জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এবং তুরস্ক সফর সফলভাবে শেষ করে দেশে প্রত্যাবর্তন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ১৩ নভেম্বর ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এর আগে বৃহস্পতিবার ১২ নভেম্বর তুরস্কের স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় আন্তালিয়া বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে ইস্তাম্বুলে যাত্রাবিরতি নিয়ে ঢাকার পথে রওনা হন তিনি। গত ১০ নভেম্বর তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা, জলবায়ু অর্থায়ন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সফরকালে কপ-৩১ সম্মেলনে যোগদানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া তিনি তুরস্ক সফরে বাংলাদেশ প্যাভিলিয়ন এবং গ্রিন জোনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনীও পরিদর্শন করেন।
তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলন ও সরকারি সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



0 মন্তব্যসমূহ