ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (০৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিএসসি, প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকা, ভিসি চত্বর এবং মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে পর্যায়ক্রমে এসব বিস্ফোরণ ঘটে। এই আকস্মিক ঘটনায় বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণ শিক্ষার্থী ও উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, মুক্তি ও গণতন্ত্র তোরণ এবং শাহবাগ অঞ্চলেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টার সময় দুজনকে আটক করতে সক্ষম হন ছাত্রদলের নেতাকর্মীরা। এ বিষয়ে ছাত্রদলের বিজয় একাত্তর হল শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানান, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণ ঘটে এবং পরবর্তীতে মেট্রোরেল সংলগ্ন টিএসসি গেটে বিস্ফোরণের পর দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করা হয়। এদিকে এই ঘটনার পরপরই তীব্র নিন্দা জানিয়ে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। প্রাথমিক পর্যায়ে এই ঘটনার সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হলেও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে এবং কারা এই বিস্ফোরণগুলো ঘটিয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের সময় পালানোর সময় দুজনকে আটক করেছে ছাত্রদল।



0 মন্তব্যসমূহ