ক্ষমতা হস্তান্তরের আগেই কিউবা সংকটের একটি স্থায়ী সমাধানে পৌঁছাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে দেশটির বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি। গত বৃহস্পতিবার সালেম নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি কিউবায় কোনো সামরিক অভিযানের অনুমোদন দেবেন কি না। জবাবে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নিজের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবার বিষয়টির একটি সুরাহা করতে চান। কিউবার বর্তমান পরিস্থিতি অত্যন্ত শোচনীয় উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটি কার্যত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ সময় কিউবা বিষয়ক পদক্ষেপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকার প্রশংসা করেন ট্রাম্প। তিনি উল্লেখ করেন, মার্কো রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত হওয়ায় দেশটির বিষয়ে তারও বিশেষ আগ্রহ রয়েছে। এ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী কিউবানদের কল্যাণে কিছু করার ইচ্ছা প্রকাশ করে ট্রাম্প বলেন, নিজ দেশ ছেড়ে আসা এসব মানুষের সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে।
ক্ষমতা ছাড়ার আগেই কিউবা সংকটের সমাধান চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগেরও ইঙ্গিত দিয়েছেন তিনি।



0 মন্তব্যসমূহ