যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন করার জন্য মার্কিন কংগ্রেসে উত্থাপিত প্রস্তাব পাস হয়নি। ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির একজন আইনপ্রণেতা এই প্রস্তাব এনেছিলেন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্থানীয় সময় মঙ্গলবার কেন্টাকির ট্রাম্পবিরোধী রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি কংগ্রেসমের অনুমোদন না নিয়ে ইরান যুদ্ধ শুরু করাসহ মোট আটটি অভিযোগ আনেন হেগসেথের বিরুদ্ধে। প্রতিনিধি পরিষদে প্রস্তাবটির বিপক্ষে ২১১টি এবং পক্ষে ২০৪টি ভোট পড়ে। ৪৩৩ সদস্যের এই পরিষদে প্রস্তাব পাসের জন্য ২১৭ ভোটের প্রয়োজন ছিল। ভোটাভুটিতে ১৮ জন আইনপ্রণেতা অংশ নেননি, যার মধ্যে ১১ জন ডেমোক্র্যাট এবং ৭ জন রিপাবলিকান পার্টির। গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর থেকেই হেগসেথকে অপসারণের দাবি জোরালো হতে শুরু করে। রিপাবলিকানদের ভেতর থেকেও তাঁর পদত্যাগের দাবি উঠেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেগসেথকে অপসারণের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভোটাভুটির পর কংগ্রেসম্যান টমাস ম্যাসি হতাশা প্রকাশ করেছেন। অন্যদিকে পেন্টাগনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে পিট হেগসেথ এই অভিশংসন প্রচেষ্টাকে একটি প্রহসন ও ষড়যন্ত্রমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। এদিকে আগামী জানুয়ারিতে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে হেগসেথের বিপদ আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। প্রতিনিধি পরিষদের বর্তমান বিরোধীদলীয় নেতা হাকিম জেফ্রিস জানিয়েছেন, এখানেই এর শেষ নয়, বরং এটি কেবল শুরু। কলোরাডোর কংগ্রেসম্যান পিটারসেন মন্তব্য করেছেন, জানুয়ারিতে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে কংগ্রেস গেলে হেগসেথকে অভিশংসিত করা থেকে কেউ আটকাতে পারবে না। নিম্নকক্ষে পাস হলেও হেগসেথকে পদচ্যুত করতে উচ্চকক্ষ সিনেটে দুই-তৃতীয়াংশ ভোট প্রয়োজন হয়, যা ডেমোক্র্যাটদের হাতে নেই। তবে ডেমোক্র্যাটরা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।
মার্কিন কংগ্রেসে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসন প্রস্তাব পাস হয়নি। তবে ডেমোক্র্যাটরা জানিয়েছে এই লড়াই এখানেই শেষ নয়।



0 মন্তব্যসমূহ