একই রান্নার তেল বারবার ব্যবহার করা হলে তা মানবদেহের হার্টের জন্য মারাত্মক ক্ষতি ডেকে আনে। রাজধানীর শাহবাগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত এক সেমিনারে এই তথ্য জানানো হয়। বিএফএসএ এবং বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেন, মানবদেহের দুটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ মাথা ও হার্টের মধ্যে পোড়া তেল সরাসরি হার্টকে আক্রমণ করে। তিনি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরও পোড়া তেল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান। বিক্রেতারা নতুন তেলে খাবার ভাজলে দাম কিছুটা বেশি হলেও ক্রেতারা নিরাপদ খাদ্যের ওপর বিশ্বাস রেখে তা কিনবেন বলে মন্তব্য করেন তিনি। বিএফএসএর সদস্য মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ সোয়েব। তিনি জানান, ২০০ থেকে ২৫০ সেলসিয়াস তাপমাত্রায় রান্নার তেল দীর্ঘক্ষণ ও বারবার ব্যবহার করলে তা ক্ষতিকর পোড়া তেলে রূপ নেয়। অধিক তাপমাত্রায় উপকারী সিস ফ্যাট ট্রান্স ফ্যাটে রূপান্তরিত হয়ে শরীরে উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, লিভারের ক্ষতি এবং ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়। বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লা আল হামিদ জানান, মাত্র ১ লিটার পোড়া তেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে এবং এটি মাটি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক ক্ষতিকর। স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় পোড়া তেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণ অত্যন্ত কার্যকর বলে উল্লেখ করে তিনি জানান, সাভারে তাদের নিজস্ব কারখানায় এই তেল থেকে বায়োডিজেল ও গ্লিসারিন উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত বায়োডিজেল বিদেশে রপ্তানি করা হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতি মাসে ১০০ টনের বেশি পোড়া তেল সংগ্রহ করছে এবং ২০৩০ সালের মধ্যে তা মাসে এক হাজার টনে উন্নীত করার আশা প্রকাশ করেছে। অনুষ্ঠানে বায়োডিজেলের কিছু নমুনা প্রদর্শন করা হয়। বিএফএসএর চেয়ারম্যান মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মুক্ত আলোচনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জির প্রতিনিধি এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে রান্নার তেল কখন পোড়াতেলে পরিণত হয় তা পরীক্ষার যন্ত্র বা কীট বাজারে সহজলভ্য করার দাবি জানানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএফএসএর সদস্য আ ন ম নাজিম উদ্দীন এবং মোহাম্মদ মোস্তফা।
বারবার রান্নার তেল ব্যবহারে হার্টের ক্ষতিসহ নানা রোগ হতে পারে। তবে এই পোড়া তেল প্রক্রিয়াজাত করে বায়োডিজেল উৎপাদন করা সম্ভব বলে সেমিনারে জানিয়েছেন বিশেষজ্ঞরা।



0 মন্তব্যসমূহ