ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম বৃহৎ গ্যাসক্ষেত্র খোর মোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত রোববার একটি ড্রোন সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির সংরক্ষণ ট্যাংকে আঘাত হানে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, হামলার পরপরই গ্যাসক্ষেত্রের কর্মীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎ মন্ত্রণালয়ের দুটি সূত্র রয়টার্সকে নিশ্চিত করেছে যে, ট্যাংকে আঘাত হানার পর উৎপাদন বন্ধ করা হয় এবং আগুন নেভানোর কাজ অব্যাহত ছিল। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি জানিয়েছেন, এই হামলার ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে এবং এর প্রভাব ন্যূনতম পর্যায়ে রাখতে কাজ চলছে বলে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ বা গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এই গ্যাসক্ষেত্র থেকে কুর্দি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, হামলার কারণে এই অঞ্চলে প্রায় দুই দশমিক আট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে। এর আগে গত জুলাইয়ে নিরাপত্তা হুমকি ও আঞ্চলিক উত্তেজনার কারণে গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস প্রধান উৎপাদন স্থাপনাগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল। এদিকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মারাত্মক ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে ইরাক অন্যতম এবং সেখানে জাহাজ চলাচল এখনো ব্যাহত হচ্ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে বাগদাদ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে তেহরান উত্তর ইরাকে ইরানি কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে এবং সংঘাতের শুরুতে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা করেছে।
ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার পর উৎপাদন বন্ধ রয়েছে। এতে ওই অঞ্চলে প্রায় দুই দশমিক আট গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



0 মন্তব্যসমূহ