দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অন্তত ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকেল পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রাজধানীতে দুজন, মুন্সীগঞ্জে ৩৭ জন, ভোলায় দুজন, চুয়াডাঙ্গায় একজন এবং ঢাকার ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ জানায়, রাজধানীর পৃথক স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য সুমন চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ওমর ছানি। গত শুক্রবার রাত ২টার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকা থেকে সুমনকে এবং উত্তরা থেকে ওমর ছানিকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মুন্সীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতির সময় আটক ৩৭ জনের মধ্যে ৩৩ জনকে কিশোর সংশোধনাগারে এবং চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। সদর উপজেলার মোল্লারচরের উত্তর ইসলামপুর ফরাজীবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরী নদীর তীরে নোঙর করা একটি কার্গো জাহাজে জড়ো হয়ে তারা কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসী তাদের আটক করে। সদর থানার ওসি মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক তাদের কারাগারে পাঠানো হয়েছে। ভোলার দৌলতখানে বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মো. সেলিম ও চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবুল হাশেম। দৌলতখান থানার এসআই রাকিব হোসেন জানান, আত্মগোপনে থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সকালে জেলা সদর থানা পুলিশের একটি দল তার বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মনিরুজ্জামান জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। এছাড়া ঢাকার ধামরাই উপজেলায় পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন আবুল হাসেম, মাসুদ রানা, মতিউর রহমান এবং মো. হাসেন। ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীতে দুই, মুন্সীগঞ্জে ৩৭, ভোলায় দুই, চুয়াডাঙ্গায় এক এবং ধামরাইয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়।



0 মন্তব্যসমূহ