রাজধানীর পৃথক এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন যুবলীগের লালবাগ থানার ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সুমন চৌধুরী (৩৬) এবং মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন (৫০)। আবুল হোসেন মোহাম্মদপুরের বাবর রোড ইউনিট আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডিএমপির তথ্য অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। তিনি সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার সন্দেহভাজন আসামি। শনিবার সংশ্লিষ্ট মামলায় আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, শুক্রবার রাত সোয়া আটটার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে মো. আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রাখছিলেন আবুল হোসেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং দলের মিছিলের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে তথ্য পাওয়া গেছে।
রাজধানীর লালবাগ ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষণা করা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ