ব্যক্তিগত এবং দলীয় স্বচ্ছতা বজায় রাখার কথা বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা ছাড়ার এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন জানান, তার কোনো কাজের কারণে দল অর্থাৎ বিএনপি কিংবা সরকার যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং সরকারের প্রধান উন্নয়নমূলক কার্যক্রমগুলো যেন আড়ালে চলে না যায়, সেই বিষয়টি মাথায় রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে ইশরাক হোসেনের পদত্যাগের পরপরই ক্ষমতা সম্পর্কিত মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান। সোমবার (১৯ অক্টোবর) দেওয়া ওই পোস্টে তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সেই উদ্ধৃতিটি উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে ক্ষমতা হলো যথাযথভাবে বুঝলে লক্ষ্য অর্জনের শক্তি এবং এটি সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় শক্তি। পোস্টটির সঙ্গে ইশরাক হোসেনের একটি ছবিও যুক্ত করে দেন ব্যারিস্টার নুসরাত খান। প্রসঙ্গত, ১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার শীর্ষক ভাষণে এই উক্তিটি করেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র।
স্বচ্ছতা বজায় রাখতে প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের পর মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি শেয়ার করেছেন তার স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান।



0 মন্তব্যসমূহ