Recents in Beach

ব্রেকিং নিউজ

বিজিবি এর অভিযানে ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


মো. আ আল ফয়সাল মিয়া, নীলফামারীঃ

নীলফামারীর ডোমার উপজেলায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. কামাল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির দাবি, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ডিমলা উপজেলার দালালগঞ্জ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন বালাপাড়া বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, সীমান্ত এলাকা থেকে এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে দালালগঞ্জ বাজার এলাকায় আসছে। খবর পেয়ে সুবেদার মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অবস্থান নেয়।

পরে সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থলে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেন। এ সময় ওই ব্যক্তি ইয়াবা ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে পাশের ক্ষেতের ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। বিজিবির সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

আটক ব্যক্তি ডোমার উপজেলার চিলাহাটি ডাকঘর এলাকার আকবর আলীর ছেলে মো. কামাল হোসেন।

পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৩ হাজার টাকা।

বিজিবি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া স্থানীয়দের কাছ থেকেও তার দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসায় জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে বিজিবি।

আটক কামাল হোসেনকে উদ্ধার করা ইয়াবাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ