Recents in Beach

ব্রেকিং নিউজ

বান্দরবানের লামা থেকে রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন কিশোরী নিখোঁজ

বান্দরবানের লামা থেকে রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন কিশোরী নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। গত গত ১১ অক্টোবর মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের কোনো সন্ধান মিলছে না। এই ঘটনায় নিখোঁজ কিশোরীদের পরিবারগুলোর পক্ষ থেকে লামা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ তিন কিশোরী হলো ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) এবং হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। রেশমি আক্তারের বাবা শহিদুল ইসলাম ও মা রোজিনা আক্তার, তানিয়া সুলতানার বাবা আবুল হাশেম ও মা কুলছুমা বেগম এবং হালিমাতুচ্ছ সাদিয়ার বাবা বেলাল উদ্দিন ও মা শারমিন আক্তার। পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ অক্টোবর মানিকপুর উচ্চ বিদ্যালয় থেকে রেজিস্ট্রেশন কার্ড আনার কথা বলে তারা একসঙ্গে বাড়ি থেকে বের হয়। রেশমি অষ্টম শ্রেণি পর্যন্ত ওই বিদ্যালয়ের শিক্ষার্থী থাকায় এবং তার রেজিস্ট্রেশন কার্ড আনার কথা শুনে অন্য দুই কিশোরীও সঙ্গে যায়। স্থানীয় সূত্র জানায়, বাড়ি থেকে বের হওয়ার পর তারা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ইয়াংছা বাজারে যায় এবং সেখান থেকে টমটম ভাড়া নিয়ে চকরিয়ার দিকে রওনা হয়। তবে এরপর থেকে তাদের বর্তমান অবস্থান বা নিখোঁজ হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এদিকে কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল আহমেদ জানিয়েছেন, নিখোঁজের বিষয়টি জানার পর পুলিশ নিজ উদ্যোগে অনুসন্ধান শুরু করেছে এবং গোয়েন্দা সংস্থাগুলোও কাজ করছে। তদন্তের স্বার্থে অভিভাবকদের পূর্ণাঙ্গ তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ উদ্দিন জানিয়েছেন, ওই শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকেই বিদ্যালয়ে অনিয়মিত ছিল এবং গণমাধ্যম ও প্রশাসনের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। নিখোঁজ কিশোরীদের দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

সংক্ষেপে:
বান্দরবানের লামা থেকে স্কুল সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধারে কাজ করছে পুলিশ ও গোয়েন্দা সংস্থা।
বান্দরবানের লামা থেকে রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন কিশোরী নিখোঁজ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ