Recents in Beach

ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর আঁতাতের অভিযোগের তথ্যপ্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা দাবি খেলাফত মজলিসের

প্রধানমন্ত্রীর আঁতাতের অভিযোগের তথ্যপ্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা দাবি খেলাফত মজলিসের

স্বৈরাচার ও বিরোধী দলের আঁতাত নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী রাজশাহীর জনসভায় পতিত স্বৈরাচার ও বিরোধী দলের মধ্যে আঁতাত এবং অর্থ সরবরাহের বিষয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকার যে দাবি করেছেন, তা উদ্বেগের বিষয়। দলটির প্রত্যাশা, প্রধানমন্ত্রী সত্য ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই বক্তব্য দিয়েছেন এবং দেশবাসীর সামনে এর বিস্তারিত তথ্য-প্রমাণ তুলে ধরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধুমাত্র জনসভায় বক্তব্য দিয়ে দায়িত্ব শেষ করার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। মাওলানা জালালুদ্দীন আহমদ প্রশ্ন রেখে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হলে গোয়েন্দা তথ্য থাকা সত্ত্বেও অভিযুক্তদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না। আর যদি বক্তব্যের সুনির্দিষ্ট ভিত্তি না থাকে, তবে এমন স্পর্শকাতর অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা কেন করা হচ্ছে? এ বিষয়ে প্রধানমন্ত্রীকে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানান তিনি। বিবৃতিতে আরও বলা হয়, গণভোটের রায় অমান্য করে এবং চব্বিশ-পরবর্তী জাতীয় ঐক্য বিনষ্ট করে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার নিজেরাই ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের পথ সুগম করছে। একদিকে পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তনের আশঙ্কা প্রকাশ করা হলেও অন্যদিকে তা ঠেকানোর জন্য প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পদক্ষেপ উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, নিজেদের রাজনৈতিক অবস্থানের দায় আড়াল করতে আঁতাতের অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করা সৎ রাজনীতি হতে পারে না। ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করতে স্বৈরতন্ত্রের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ বন্ধ করতে প্রাতিষ্ঠানিক ও সাংবিধানিক সংস্কার অত্যন্ত জরুরি। অথচ গণভোটের রায় বাস্তবায়ন ও জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের পরিবর্তে সরকার জাতীয় ঐক্যকে দুর্বল করছে বলে অভিযোগ করে তিনি জানান, সরকারের এই দ্বিমুখী অবস্থানের জবাব দিতে হবে।

সংক্ষেপে:
প্রধানমন্ত্রীর আঁতাতের অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ জনসমক্ষে প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।
প্রধানমন্ত্রীর আঁতাতের অভিযোগের তথ্যপ্রমাণ ও স্পষ্ট ব্যাখ্যা দাবি খেলাফত মজলিসের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ