তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ জানিয়েছেন, সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলমান রয়েছে। বুধবার এক রাতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নিজের সংসদীয় আসন ভোলা-১-এর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যমকর্মী, সরকার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই এই আইনগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইন সংশোধনের প্রক্রিয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিভিন্ন সংবাদমাধ্যমের মালিকসহ সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যাতে সাংবাদিক, সরকার ও সাধারণ মানুষ যথাযথ সুরক্ষা পান। এটি একটি চলমান প্রক্রিয়া এবং সামনে ইতিবাচক কিছু আসার আশা প্রকাশ করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শনের সময় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, হিন্দু ও মুসলমান সবাই মিলে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। নির্বাচন পূর্ববর্তী সময় থেকেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলে কোনো নিরাপত্তার আশঙ্কা না পাওয়ার কথা জানান তিনি। এদিকে নেত্রকোনায় সাংবাদিক হত্যার ঘটনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী স্পষ্ট করেন যে, শুধু সাংবাদিক নন, বরং যেকোনো নাগরিকের ক্ষেত্রেই এমন ঘটনা ঘটলে দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় বিজেপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার সিকিউরিটি আইনসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।



0 মন্তব্যসমূহ