কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উৎসবমুখর পরিবেশে একটি মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পোড়াবাড়ীয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে আয়োজিত এই শিরোপার লড়াইয়ে লায়ন একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাইগার একাদশ। পোড়াবাড়ীয়া পূর্বপাড়া একতা যুব সংঘের উদ্যোগে এবং মাদক ছেড়ে খেলতে চল, খেলার রাজা ফুটবল স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচটি উপভোগ করতে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বয়সী ক্রীড়াপ্রেমীরা মাঠে ভিড় করেন। খেলার শুরু থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি এসকে রাসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের আমস্টারডামে কর্মরত এফ অ্যান্ড বি ম্যানেজার বোরহান উদ্দিন রব্বানী রিতুল। টুর্নামেন্টের উদ্বোধন করেন নারান্দী ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. সুমন মিয়া এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাস্টার মো. মোবারক হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবপ্রবাসী মো. সেলিম মিয়া, জাপানের ওসিজি কোম্পানি লিমিটেডের প্রকৌশলী শাহ আলম, সমাজসেবক মো. স্বপন মিয়া এবং সৌদি আরব প্রবাসী তোফাজ্জল হোসেন নাছির ও ফজলে রাব্বী। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, শারীরিক ও মানসিক বিকাশ এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার উদ্দেশ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। চ্যাম্পিয়ন টাইগার একাদশের অধিনায়ক মোশাররফ হোসেন আনন্দ প্রকাশ করে বলেন, দলের সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা এই সাফল্য অর্জন করেছেন এবং এ ধরনের আয়োজন তরুণদের মাদক থেকে দূরে রাখতে উৎসাহিত করবে। রানার্সআপ লায়ন একাদশের খেলোয়াড় ফাহাদ জানান, তারা ভালো খেলার চেষ্টা করেছিলেন এবং জয়-পরাজয় খেলারই অংশ উল্লেখ করে এমন আয়োজন মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন রব্বানী রিতুল বলেন, কেবল রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নই প্রকৃত উন্নয়ন নয়, বরং তরুণদের মানসিক বিকাশ ও সামাজিক সম্প্রীতিও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও দলগত কাজ শেখানোর পাশাপাশি নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। তিনি পোড়াবাড়ীয়ায় ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং এলাকার মানুষের প্রয়োজনে নিজের সামর্থ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জয়-পরাজয় মেনে নিয়ে খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রাখার ওপর জোর দেন তিনি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লায়ন একাদশকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাইগার একাদশ।
-6add8d55bbefc.webp)


0 মন্তব্যসমূহ