বান্দরবান জেলা শহরের বালাঘাটায় তাবলিগি মারকাজ মসজিদ নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। শুক্রবার বিকেলে এই পরিদর্শনের সময় তিনি স্থানীয় মারকাজ মসজিদ ও তাবলিগ জামাতের মুরুব্বিদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময়কালে মন্ত্রী বান্দরবানের ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার ওপর বিশেষ জোর দেন। এই পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী বালাঘাটার মারকাজ মসজিদের প্রস্তাবিত জায়গার অবকাঠামোগত উন্নয়ন কাজ ঘুরে দেখেন। এছাড়া আগামী ২৯ ও ৩০ নভেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত বান্দরবান জেলা ইজতেমা সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য তিনি তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। পরিদর্শন ও মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী বলেন, পার্বত্য অঞ্চল সম্প্রীতির একটি অনন্য দৃষ্টান্ত। ধর্ম, বর্ণ, জাত কিংবা গোত্র নির্বিশেষে এই অঞ্চলের প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। সব নাগরিকের অধিকার রক্ষা করে পাহাড়ে এই ভালোবাসার বন্ধন ধরে রাখার প্রচেষ্টার জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। তিনি আরও উল্লেখ করেন যে, ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব। পরিদর্শনকালে মারকাজ মসজিদের উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে এবং আসন্ন জেলা ইজতেমা সফল করতে উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় মারকাজের মুরুব্বিরা মন্ত্রীর এই পরিদর্শন ও অনুদান প্রদানকে বান্দরবানের ধর্মীয় ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। স্থান পরিদর্শন এবং মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন তাবলিগ জামায়াতের জেলা আমীর ওসমান গনি, বান্দরবান জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জমিদাতা কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, মারকাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বান্দরবানে মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন মন্ত্রী সাচিং প্রু জেরী। এ সময় তিনি জেলা ইজতেমার জন্য পাঁচ লাখ টাকা অনুদান ঘোষণা করেন।



0 মন্তব্যসমূহ