বগুড়ার শেরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিক্ষকের ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর ফটোকার্ড প্রচার করার অভিযোগে শফিকুল ইসলাম তানভীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শফিকুল ইসলাম তানভীর একজন ওষুধ ব্যবসায়ী এবং তিনি শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই ব্যক্তি তার ব্যক্তিগত আইডি ও একটি ফেসবুক পেজ ব্যবহার করে দুই শিক্ষকের ছবি সংবলিত বিভ্রান্তিকর ও মানহানিকর ফটোকার্ড তৈরি করে তা অনলাইনে ছড়িয়ে দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই ফটোকার্ড মুছে ফেলার শর্তে এক শিক্ষকের স্বামীর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষকরা এই ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাইবার অপরাধ ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
বগুড়ার শেরপুরে শিক্ষকদের ছবি দিয়ে আপত্তিকর ফটোকার্ড তৈরি ও চাঁদা দাবির অভিযোগে শফিকুল ইসলাম তানভীর নামের এক ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ