দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের গ্রন্থাগারে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্পর্কিত তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৭ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এই মর্মে একটি নির্দেশনা জারি করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব খন্দকার রবিউল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয়তাবাদী প্রকাশনা কর্তৃক প্রকাশিত ‘প্রেসিডেন্ট জিয়া রাজনৈতিক জীবনী’, ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’ এবং ‘সবার আগে বাংলাদেশ’ নামক এই তিনটি বইয়ের এক সেট করে ক্রয় করে সংশ্লিষ্ট লাইব্রেরিগুলোতে সংরক্ষণ করতে হবে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। উক্ত নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে চিঠিটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তর, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মতো সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং ন্যাশনাল ইলেকট্রো-মেডিক্যাল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারকেও (নিমিউ অ্যান্ড টিসি) এই চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
সব সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা তিনটি বই সংগ্রহ ও সংরক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।



0 মন্তব্যসমূহ