Recents in Beach

ব্রেকিং নিউজ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা এনসিপির

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা এনসিপির

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ তুলে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দুই দফায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দলের দফতর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়। এনসিপির বিবৃতিতে বলা হয়, গত ১৩ অক্টোবর দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগযুক্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে মারধর করা হলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রাতের দিকে কতিপয় ব্যক্তি হাসপাতালে প্রবেশ করে চিকিৎসাধীন শামীমের ওপর পুনরায় হামলা চালায়। দলটির অভিযোগ, এই হামলায় কারী ফজলুল হক আমিনী নেতৃত্ব দেন এবং তাকে স্থানীয় যুবদল কর্মী সাদিকুল ইসলাম ও সরকারি খান বাহাদুর আহসান উল্লাহ কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ নাজমুল সহযোগিতা করেন। পুলিশ ও হাসপাতাল কর্মীদের বাধা উপেক্ষা করে ওয়াহিদুজ্জামান শামীমকে মারধর করা হয় এবং পরবর্তীতে দ্বিতীয় দফা গণপিটুনিতে তিনি নিহত হন। এনসিপি জানায়, প্রথম দফায় পুলিশ শামীমকে উদ্ধার করলেও তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। চিকিৎসাধীন একজন মানুষের সুরক্ষায় হাসপাতালের মতো জায়গায় নিরাপত্তা কেন বজায় রাখা যায়নি, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে। দলটির মতে, অভিযোগের সত্যতা যাচাই বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাউকে এভাবে পিটিয়ে হত্যা করার কোনো আইনগত ভিত্তি নেই। এছাড়া নিহতের পরিবারের দাবি অনুযায়ী ওয়াহিদুজ্জামান শামীম মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো অডিওর সত্যতা যাচাই না করে তা হত্যাকাণ্ডের লাইসেন্স হতে পারে না। এই ঘটনার প্রেক্ষিতে এনসিপি চার দফা দাবি জানিয়েছে। এর মধ্যে রয়েছে হত্যাকাণ্ডে জড়িত ও উসকানিদাতাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার, হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে অবহেলার নিরপেক্ষ তদন্ত, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও গুজবের উৎস খতিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিহতের পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। অপরাধের অভিযোগ উঠলে তা আইনি প্রক্রিয়ায় মীমাংসার বদলে উত্তেজিত জনতা কর্তৃক আইন নিজের হাতে তুলে নেওয়ার তীব্র সমালোচনা করেছে দলটি।

সংক্ষেপে:
সাতক্ষীরার দেবহাটায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে দ্বিতীয় দফায় গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হাসপাতালে ঢুকে যুবককে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা এনসিপির

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ