বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০২৭ আসর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আনুষ্ঠানিকভাবে এই টুর্নামেন্টের সম্পূর্ণ সূচি ঘোষণা করেছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় ১৬টি দল মোট ৪১টি ম্যাচে অংশ নেবে। এটি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট এবং নেপালের কাঠমান্ডুর মোট চারটি আধুনিক ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই স্বাগতিক বাংলাদেশের মেয়েরা সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। গ্রুপ সি-তে বাংলাদেশের অন্য সঙ্গীরা হলো অস্ট্রেলিয়া ও নাইজেরিয়া। এছাড়া গ্রুপ এ-তে রয়েছে ভারত ও সহ-আয়োজক নেপাল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত আগামী ২২ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলে শিরোপা রক্ষার মিশন শুরু করবে। ২৬ জানুয়ারি পর্যন্ত গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ার পর দলগুলো সুপার সিক্স ও সেমিফাইনালে লড়বে। আগামী ৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে এবং ৬ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের। আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত এই টুর্নামেন্টকে ভবিষ্যতের উদীয়মান ক্রিকেটারদের প্রতিভা তুলে ধরার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে অভিহিত করেছেন। এছাড়া বাংলাদেশ ও নেপালকে যৌথ আয়োজক করার পেছনে দুই দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী এবং ক্রিকেটের প্রতি গভীর আগ্রহের কথা উল্লেখ করেছেন তিনি।
বাংলাদেশ ও নেপালের যৌথ আয়োজনে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৭। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইসিসি।



0 মন্তব্যসমূহ