বাংলাদেশে দীর্ঘদিনের ধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য রয়েছে এবং এই দেশে কোনো ধরনের উগ্রবাদ বা জঙ্গিবাদের স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সবাই যেন নির্বিঘ্নে এবং আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হচ্ছে। রোববার নোয়াখালী সদর উপজেলা পরিষদের হলরুমে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। এমপি শাহজাহান বলেন, বাংলাদেশ একটি সৌহার্দ্যপূর্ণ ও সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ বহু বছর ধরে মুসলিম, হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টানসহ সব ধর্মের উৎসব উৎসবমুখর পরিবেশে উদ্যাপন করে আসছেন। তিনি আরও অভিযোগ করেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে বাংলাদেশকে একটি উগ্রবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছিল। সেই সময় জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে বিরোধী দলের নেতাকর্মী ও আলেম-ওলামা সহ অসংখ্য নিরপরাধ মানুষকে মিথ্যা মামলায় বন্দি করে নির্যাতন করা হয়েছে বলে তিনি দাবি করেন। বিএনপি বাংলাদেশকে একটি অহিংস, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। নোয়াখালী সদর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমোয়রা ইসলাম, নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাছের, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিম উল্লাহ বাহার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ এবং মাইজদী দেবালয়ের সাধারণ সম্পাদক রাজু উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিভিন্ন দেবালয় ও পূজামণ্ডপের প্রতিনিধি এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে এবং উগ্রবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান।



0 মন্তব্যসমূহ