একাত্তরের চেতনার পাশাপাশি জুলাই অভ্যুত্থানকেও ধারণ করে বর্তমান সরকার। এই উপলব্ধির জায়গা থেকেই জুলাইয়ের ঘটনায় আহতদের চিকিৎসা সেবা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নানা ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল কেবল বিরোধিতার খাতিরে বিরোধিতা করছে। সরকারের সমালোচনা তারা করতেই পারে, তবে সেই সমালোচনা অবশ্যই গঠনমূলক হওয়া বাঞ্ছনীয়। তিনি আরও অভিযোগ করেন, বিরোধী দল জুলাইয়ের চেতনা ধারণ করে না বলেই আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়নি। প্রধানমন্ত্রী বলেন, একই মঞ্চে বসায় আপত্তি থাকলে বিরোধীদলীয় নেতারা তো শহীদ পরিবারের সদস্যদের সঙ্গেও বসতে পারতেন। জনগণের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকারের মাধ্যমেই বিএনপি সরকার গঠন করেছে এবং অন্য দলকে বিরোধী দলের আসনে বসিয়েছে। নির্বাচনে বিজয়ী হওয়ার আগে বর্তমান বিরোধী দল ও বর্তমান সরকার উভয়েই জনগণের দ্বারে গিয়েছিল এবং জনগণই নির্ধারণ করেছে কারা আগামী পাঁচ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত না হওয়ার মাধ্যমে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রাজধানীর ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই শহীদ পরিবারের অনুষ্ঠানে যোগ না দিয়ে বিরোধী দল শহীদদের অবজ্ঞা করেছে।



0 মন্তব্যসমূহ