মিসরের রাজধানী কায়রোর পশ্চিমাঞ্চলে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় আকারের একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সংঘটিত এ দুর্ঘটনায় আরও ৩৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানা গেছে। মিসরের সংবাদপত্র আল-আহরাম-এর প্রতিবেদনে জানানো হয়, মহাসড়কে চলাচলের সময় বাস ও ট্রাকটির মুখোমুখি সজোরে ধাক্কা লাগে এবং সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, দুর্ঘটনায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে এবং তা সরাতে ভারী ক্রেন ব্যবহার করতে হয়েছে। দুর্ঘটনাস্থলে বাসের ভাঙা অংশ ও যাত্রীদের আসন ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং ট্রাকের পেছনেও বাসের অংশ আটকে ছিল। আল-আহরাম জানায়, আহত ব্যক্তিদের গিজার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের সুনির্দিষ্ট পরিচয় বা পর্যটকদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। চালকদের গাফিলতি বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত মাসে সিনাই অঞ্চলে বাস দুর্ঘটনায় ২২ জন এবং আগস্টে উত্তর মিসরে পিকআপ সংঘর্ষে ১৮ জন নিহত হওয়ার ঘটনায় দেশটিতে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন প্রয়োগ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মিসরের কায়রো-আসিউত মরুভূমি সড়কে পর্যটকবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটে।



0 মন্তব্যসমূহ