Recents in Beach

ব্রেকিং নিউজ

অপরাধের শাস্তি শুধু পদত্যাগ নয়, ফৌজদারি অপরাধে বিচার নিশ্চিতের দাবি হাসনাত আবদুল্লাহর

অপরাধের শাস্তি শুধু পদত্যাগ নয়, ফৌজদারি অপরাধে বিচার নিশ্চিতের দাবি হাসনাত আবদুল্লাহর

কোনো অপরাধের শাস্তি হিসেবে কেবল পদত্যাগ যথেষ্ট নয় উল্লেখ করে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, অপরাধ ফৌজদারি প্রকৃতির হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করতে হবে। পদত্যাগ করানোর বিষয়টিকে বর্তমান সরকারের ‘শর্ট টাইম প্যারাসিটামল থেরাপি’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। সোমবার রাত ১০টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল ভাঙচুরের অভিযোগ ওঠার পর তাকে শুধু পদত্যাগ করানো হয়েছে, কিন্তু এটি কোনো শাস্তি হতে পারে না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনি প্রক্রিয়া নিশ্চিত করার তাগিদ দেন তিনি। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই সংসদ সদস্য প্রশ্ন তোলেন, পরিস্থিতি কোন পর্যায়ে পৌঁছালে একজন প্রতিমন্ত্রীকে নিজেই অস্ত্র হাতে মাঠে নামতে হয়। মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্যর্থতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে মাঠে নামতে হচ্ছে, যা উদ্বেগজনক। স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, দুর্নীতি, ঘুষ ও জমি দখলের মামলায় সাজাপ্রাপ্ত বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন এবং তার মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথভাবে দায়িত্ব পালন করলে প্রতিমন্ত্রীকে রাস্তায় নামতে হতো না এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় প্রতিমন্ত্রীর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রীর অস্ত্র হাতে মাঠে নামার ঘটনায় প্রকাশিত ছবি প্রসঙ্গে তিনি দাবি করেন, ছবিতে প্রতিমন্ত্রীর পেছনে পাভেল নামের একজনকে লাইসেন্সবিহীন অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, তিনি নিজে অস্ত্র হাতে রাস্তায় নামলে তাকে গ্রেপ্তার করে মামলা দেওয়া হতো, অথচ প্রতিমন্ত্রীকে যে পরিস্থিতিতে রাস্তায় নামতে হয়েছে তার দায় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে এবং এজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

সংক্ষেপে:
অপরাধের শাস্তি শুধু পদত্যাগ নয়, ফৌজদারি অপরাধে জড়িতদের বিচার দাবি করেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। কুমিল্লার দেবিদ্বারে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অপরাধের শাস্তি শুধু পদত্যাগ নয়, ফৌজদারি অপরাধে বিচার নিশ্চিতের দাবি হাসনাত আবদুল্লাহর

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ