আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে যে বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে, তাকে সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত একটি জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ও তারিখসংক্রন্ত প্রচারিত ওই বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা বোর্ডগুলোর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। পরীক্ষা ও ফলাফল সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি বা নির্দেশনা কেবল শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে প্রকাশ করা হয়ে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত এই ধরনের তথ্য যাচাই না করে বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কমিটি।
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। গুজবে কান না দিয়ে অফিশিয়াল মাধ্যম থেকে তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।



0 মন্তব্যসমূহ