সৌদি আরবের রিয়াদে হুতি বিদ্রোহীদের হামলায় আটকে পড়া ৩৩ জন ওমরাহ যাত্রী নিরাপদে দেশে প্রত্যাবর্তন করেছেন। মঙ্গলবার রাত ১১টা ২০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। মন্ত্রণালয় জানায়, প্রধানমন্ত্রী এবং ধর্মমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে এই ওমরাহ যাত্রীদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে এবং এক্ষেত্রে সৌদি ও বাংলাদেশ সরকার যৌথভাবে উদ্যোগ গ্রহণ করে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্দেশনায় সৌদিতে আটকেপড়া এসব যাত্রীকে বিশেষ মেহমানদারিও করানো হয়। বিমানবন্দর অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের হজ পরিচালক লোকমান হোসেন, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই বহরে মোট ৪৫ জন সদস্য ছিলেন। হামলার এই দুর্ঘটনায় ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য দেশে ফিরতে সক্ষম হলেও আরও ৭ জন রিয়াদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি, এই হামলায় বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর নিহত হয়েছেন এবং তার মরদেহ জান্নাতুল বাকিতে দাফনের ব্যাপারে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। এদিকে হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করে ঘটনার বিবরণ দিয়েছিলেন ওমরাহযাত্রী মুফতি মুহাম্মদ আলী কাসেমী। পরবর্তীতে মক্কার একটি হোটেল থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে নিয়ে যান বলে অভিযোগ উঠলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে দেশে ফেরা যাত্রীরা জানিয়েছেন। হামলার পর থেকে কাফেলার সদস্যদের দেশে প্রত্যাবর্তন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং নিখোঁজ মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সন্ধান ও মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হচ্ছে। ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমেদ জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ তাদের ওপর সৌদি ফেরত হজযাত্রীদের দেখাশোনার দায়িত্ব অর্পণ করেছিলেন এবং বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের তত্ত্বাবধানসহ রাতের খাবারের ব্যবস্থা ও গন্তব্যে পৌঁছানোর সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
সৌদি আরবের রিয়াদে হুতিদের হামলায় আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী মঙ্গলবার রাতে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর তত্ত্বাবধানে তাদের ফিরিয়ে আনা হয়।



0 মন্তব্যসমূহ