ঢাকা মহানগরীকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বসবাস উপযোগী জনপদ হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সন্তানদের ভবিষ্যতের কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নগরীকে পরিষ্কার রাখার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনো অভিভাবকই চান না তাদের সন্তান কোনো নোংরা, জীবাণুযুক্ত কিংবা অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। শিশুরা কেবল নিজেদের বাড়ির আঙিনায় সীমাবদ্ধ থাকে না বরং শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠসহ রাজধানীর নানা প্রান্তে যাতায়াত করে থাকে। তাই কেবল নিজস্ব এলাকা নয়, বরং পুরো শহরকেই পরিচ্ছন্ন রাখতে হবে বলে তিনি মন্তব্য করেন। আবর্জনা ও অপরিচ্ছন্নতাকে ঢাকার অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, এই সংকটের রাতারাতি বা এক সপ্তাহেই সমাধান সম্ভব নয়। তবে সংশ্লিষ্ট সবাই যদি আন্তরিক হন, তবে ধীরে ধীরে পরিস্থিতির কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তারা সরাসরি বা পরোক্ষভাবে এই সমস্যা নিরসনের সঙ্গে যুক্ত রয়েছেন। কাজে কিছুটা সময় লাগলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে পরিবর্তন অবধারিত এবং সেই আত্মবিশ্বাস সবার থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সমস্যা সমাধানে নিজের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, তিনি নিজে যেখানেই যান সেখানাকার সমস্যা পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। কর্মকর্তাদেরও একই দায়িত্বশীলতা প্রদর্শনের পরামর্শ দিয়ে তিনি বলেন, তারা যদি এভাবে সমস্যা চিহ্নিত করে সমাধানের পদক্ষেপ নেন, তবে ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে। ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির কিছুটা অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে তার সাম্প্রতিক আলোচনার কথা জানান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যবসা করা ওই বিদেশি উদ্যোক্তা তার সঙ্গে সাক্ষাতের সময় ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতি আগের তুলনায় কিছুটা উন্নত হয়েছে বলে জানিয়েছেন। কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনা করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন নিজেদের দায়িত্ব পালনের বিষয়টি সঠিকভাবে মূল্যায়ন করেন এবং নিজেদের ভেতরেও সমালোচনার সংস্কৃতি বজায় রাখেন।
সন্তানদের জন্য একটি স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ঢাকা শহরকে বাসযোগ্য করে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।



0 মন্তব্যসমূহ