শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ মঙ্গলবার থেকে দেশের ব্যাংক ও শেয়ারবাজারে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজার ছুটির সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত নিয়মিত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনও বন্ধ রাখা হয়েছে। তবে গ্রাহক সাধারণের সুবিধার্থে এটিএম বুথের সেবা চালু থাকবে। এদিকে ছুটির এই সময়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সমুদ্র, স্থল এবং বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর জন্য স্থানীয় প্রশাসন, বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে বলা হয়েছে। এর আগে গত ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় দুর্গাপূজা উপলক্ষে এই তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিল এবং এর ক্ষতিপূরণ হিসেবে গত ১৭ অক্টোবর সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা রাখা হয়েছিল।
শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ থেকে টানা পাঁচ দিন দেশের ব্যাংক ও শেয়ারবাজারের কার্যক্রম বন্ধ রয়েছে।



0 মন্তব্যসমূহ