ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহার, রায় বাতিল ও রাজবন্দীদের মুক্তির দাবিতে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে মিছিলটি বের হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘুরে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডলের নেতৃত্বে মিছিলে আরও অংশ নেন উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও রাকিব মণ্ডলসহ অন্যরা। মিছিল শেষে আনোয়ার হোসেন মণ্ডল সংক্ষিপ্ত বক্তব্য দেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ এবং ছাত্রলীগকর্মী মো. সজিব মিয়া। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি যাচাই-বাছাই শেষে অন্যদের আইনের আওতায় আনার কথাও জানান তিনি।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে লাঠি ও বৈঠা হাতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



0 মন্তব্যসমূহ