চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নিজ পদে পুনর্বহাল করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল সোয়া ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে একটি গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অবস্থান নিয়ে নিজেদের নাম, শিক্ষার্থী আইডি এবং স্বাক্ষর প্রদান করেন। পরে এই গণস্বাক্ষরযুক্ত স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে তারা জানান। যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ফারহান হাসনাত জানান, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই হঠাৎ করে উপাচার্যকে পদ থেকে অব্যাহতি দেওয়া সঠিক হয়নি। এই সিদ্ধান্তের প্রতিবাদ স্বরূপ চুয়েটের সমস্ত একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। এর আগে গত ২১ সেপ্টেম্বর রাতে অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে অব্যাহতি প্রদান করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই আদেশের খবর জানাজানি হলে ওই রাতেই শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। আজ শহীদ মিনারে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন তারা।



0 মন্তব্যসমূহ