নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের দীঘি বাজারে সরকারি বরাদ্দে নির্মিত একটি পাবলিক টয়লেট ভেঙে অবৈধভাবে গড়ে ওঠা বিএনপি কার্যালয় উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের যৌথ অভিযানে স্থাপনাটি দখলমুক্ত করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সুবিধার জন্য প্রায় আট লাখ টাকা ব্যয়ে দুই কক্ষবিশিষ্ট ওই শৌচাগারটি নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি স্থানীয় কয়েকজন বিএনপি কর্মী সেটি ভেঙে দলীয় কার্যালয় হিসেবে দুটি ঘর তৈরি করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে আসার পর সমালোচনার সৃষ্টি হয়। সংবাদ পেয়ে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমানসহ প্রশাসনের কর্মকর্তারা রাতে ঘটনাস্থলে যান। পরে এমপির উপস্থিতিতে অবৈধ স্থাপনাটি ভেঙে জায়গাটি পুনরায় দখলমুক্ত করা হয়। নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান জানান, সরকারি বা জনস্বার্থের জায়গা দখলের কোনো সুযোগ নেই এবং দলীয় পরিচয়ে ব্যক্তিগত স্বার্থ হাসিল বরদাশত করা হবে না। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। এদিকে, দখলমুক্ত ওই স্থানে জনসাধারণের ব্যবহারের জন্য পুনরায় পাবলিক টয়লেট চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন।
নোয়াখালীর সুবর্ণচরে সরকারি অর্থায়নে নির্মিত পাবলিক টয়লেট ভেঙে অবৈধভাবে তৈরি করা বিএনপি কার্যালয় উচ্ছেদ করেছে প্রশাসন।



0 মন্তব্যসমূহ