দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের প্রাণহানি ঘটেছে। এর ফলে চলতি বছরে মশাবাহিত এই রোগটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২১১ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে আরও ৯৫৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে একজন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, এই সময়ে সবচেয়ে বেশি ২৪৬ জন ডেঙ্গু রোগী চট্টগ্রাম বিভাগে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ২৪১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩৩ জন, খুলনা বিভাগে ১৩০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৬ জন, বরিশাল বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন এবং সিলেট বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, দেশজুড়ে ডেঙ্গুতে মোট ২১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ১০২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২১ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১০ জন, রংপুর বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়। মার্চ ও এপ্রিল মাসে কোনো প্রাণহানি না ঘটলেও মে মাসে ১ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাই মাসে ৩৬ জন এবং আগস্ট মাসে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২৫ দিনে মশাবাহিত এই রোগটিতে ১১৪ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে।



0 মন্তব্যসমূহ