গাইবান্ধার সাঘাটায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর (৫৫) দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সাঘাটা ভূমিহীন সমিতি ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে সাঘাটা পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাঘাটা বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সাঘাটা থানার সামনে সংক্ষিপ্ত অবস্থান নেয় এবং পরবর্তীতে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সাঘাটা ইউনিয়নের সংরক্ষিত আসনের সাবেক ইউপি সদস্য রাহেলা বেগম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (সিদ্দিক মাস্টার), ভূমিহীন সমিতির নেতা শফিকুল ইসলাম শফিক এবং ভুক্তভোগী শিশুর বাবা। এ ছাড়া সংহতি জানিয়ে অংশ নেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’র স্থানীয় সংগঠক জিল্লুর রহমান, রোকেয়া বেগম, সুব্রত কুমার ও রূপর্ণা মণ্ডলসহ অন্যান্য কর্মীরা। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হাসিলকান্দি গ্রামে খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান মোন্তাজ আলী। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঘাটা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধার সাঘাটায় চার বছরের শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মোন্তাজ আলী ওরফে চেংটুর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।



0 মন্তব্যসমূহ